
বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ গুলশানের `টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কোম্পানিটির ‘অনুমোদিত’ গুদামের সংখ্যা দুটি। বন্ড সুবিধার পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর রোধে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
‘বন্ডেড ওয়্যারহাউজ’ থেকে কেবল বাংলাদেশে কর্মরত কূটনীতিক এবং আইন অনুযায়ী বিশেষ সুবিধাপ্রাপ্ত নির্দিষ্ট ব্যক্তিদের শুল্কমুক্ত মদ কেনার সুযোগ রয়েছে। কিন্তু টস বন্ডের বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠায় তা নিয়ে কয়েক মাস ধরেই অনুসন্ধান চলছিল।
দেশে থাকা মদ ও বারের ব্যবসায় নানা অনিয়মের অভিযোগের পাশাপাশি কানাডায় নুর ইসলাম ও তার পরিবারের নাগরিকত্ব থাকার তথ্য গোপন করা এবং সেখানে তাদের সম্পদের খোঁজ পেয়ে অনুসন্ধান চালিয়ে আসছে কর আদায়ের গোয়েন্দা সংস্থাগুলো। তবে সম্প্রতি ঢাকায় নিউ গিনি আবাসন প্রকল্প এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করার পর তদন্ত কার্যক্রমের গতি বেড়েছে।
Published :
02 Oct 2026, 12:10 PM