
Published :
25 Sep 2026, 05:46 PM
শুরু থেকেই মালয়েশিয়ার চাপে পিষ্ট হলো বাংলাদেশ। হামজা-শোমিতরা কোনোভাবেই পারলেন না পাল্টা জবাব দিতে। উল্টো শাকিল আহাদ তপু করলেন ভুল। হেরে আসিয়ান কাপ শুরু হলো বাংলাদেশের।
জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে শুক্রবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোল খেয়ে কোণঠাসা হয়ে পড়া টমাস ডুলির দল পরে হজম করেন আরেকটি।
ইংল্যান্ড প্রবাসী ফারহান আলি ওয়াহিদকে নিয়ে সেরা একাদশ সাজান বাংলাদেশ কোচ। কিন্তু এই তরুণ উইঙ্গার অভিষেক রাঙাতে পারেনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় আরও দুই প্রবাসী জিদান ইউসুফ ও শুকি ইতোফুসার, তারাও উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়া প্রথম সুযোগ তৈরি করে পঞ্চম মিনিটে। বক্সের বাইরে থেকে ফয়সাল হালিমের শট ঠেকিয়ে দেন মেহেদী হাসান শ্রাবণ। অষ্টাদশ মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। লাইনা নুয়ার লম্বা পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন আরিফ আইমান।
৩৩তম মিনিটে সাদ উদ্দিনের ক্রসে রাকিবের ব্যাকহিল যায় পোস্টের অনেক বাইরে। এর চার মিনিট পর তালগোল পাকিয়ে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। শাকিল আহাদ তপুর কাছ থেকে বল কেড়ে নেন গুস্তাভো সিলভেইরা দি সিলভা। তার পাস পেয়ে জালে জড়ান ২৪ বছর বয়সী তরুণ উইঙ্গার আইমান।
বিরতির আগে ফয়সাল হালিমের স্লাইড দারুণ ক্ষিপ্রতায় ফেরান শ্রাবণ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান আরও বাড়ান দি সিলভা। সতীর্থের লম্বা পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে শ্রাবণকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।
এরপর জিদান, শেখ মোরসালিন ও শুকি বদলি নামলে বাংলাদেশের খেলায় গতি কিছুটা বাড়ে। ৭৬তম মিনিটে ভালো সুযোগও আসে। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে আক্রমণে ওঠেন হামজা চৌধুরী। একাধিক ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল শট নেন তিনি, কিন্তু গোলকিপার রুখে দেন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।