
প্রযুক্তি বিশ্বে তাক লাগানো চীনের জন্য নতুন কিছু নয়। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। সুয়ে বা–০১ নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে।
এটি একটি মাত্র খবর। এমন অনেক কিছু করে দেশটি। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশটির বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন নিয়ে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন ছাপিয়েছে। ‘আর চায়না’জ ইউনিভার্সিটিজ রিয়েলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে এই প্রতিবেদনে দেখানো হয়েছে সায়েন্স ও টেকনোলজির ক্ষেত্রে বিশ্বের অন্য নামকরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে কীভাবে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে কমিউনিস্ট–শাসিত দেশটি।
আন্তর্জাতিক অনেক শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় দেশ চীন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা রয়েছে। বেশি বৃত্তি, বৃত্তি ছাড়াও কম খরচে উচ্চমানের শিক্ষার সুযোগ, লেখাপড়ার পাশাপাশি চাকরির সুযোগ, চায়নিজ বা ইংরেজি ভাষায় পড়ার সুযোগসহ নানা কারণে দেশটির বিশ্ববিদ্যালয়ের প্রতি বৈশ্বিক শিক্ষার্থীদের আগ্রহ চরমে।