
২০১৭ সালের মার্চ মাসে আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। বার্তা সংস্থা এপির পাওয়া পুলিশের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এ বছরের ১৩ অক্টোবর পর্যন্ত অন্তত ৩১৬ জন সন্দেহভাজন ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এর মধ্যে ১১০ জনই ছিলেন মুসলিম।
এই হার রাজ্যের মোট মুসলিম জনসংখ্যার অনুপাতের চেয়ে অনেক বেশি। ওই রাজ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন মুসলিম।
একই সময়ে ১২ হাজার ৮৯০ জন সন্দেহভাজন আহত হয়েছেন। অন্যদিকে দায়িত্ব পালনকালে ১৮ জন পুলিশ সদস্য নিহত এবং ১ হাজার ৯৫৩ জন আহত হয়েছেন।
পুলিশের গুলিতে আহত সন্দেহভাজনদের ধর্মের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বছরের শুরুতে উত্তর প্রদেশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল, জিরো টলারেন্স নীতিটি ‘অপরাধীদের মনে ভয় বাড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে’।
পুলিশ বিবৃতিতে বলেছে, ‘এ কারণেই জাতীয় পর্যায়ে রাজ্যের আইনশৃঙ্খলার প্রশংসা করা হচ্ছে।’
অধিকারকর্মীরা বলছেন, এই চর্চা এখন বিজেপিশাসিত আশপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে হরিয়ানা, বিহার, উত্তরাখণ্ড এবং দেশের রাজধানী দিল্লির সীমান্তবর্তী এলাকা।