
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এই প্রতিযোগিতাকে সামনে রেখে আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তপু। সেখানে আসিয়ান কাপের ব্যর্থতার কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে ২৩ বছর পর সাফের শিরোপা জয়ের স্বপ্নের কথাও।
আসিয়ান কাপে বাংলাদেশের রক্ষণভাগের দুর্দশা নিয়ে তপু বলেছেন, ‘প্রথম ম্যাচে ৩ গোল খেয়েছি, শেষ ম্যাচে ৯ গোল খেয়েছি। এটা খুবই হতাশার।’ শেষ কবে বাংলাদেশ ৯ গোল হজম করেছে, মনে করতে পারলেন না তপু। তবে বললেন, ‘গোল হজমের ক্ষেত্রে শুধু গোলকিপার বা ডিফেন্ডারদের দোষ দেখলে হবে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলগতভাবে রক্ষণ সামলানো। তবে এটা বলতে পারি, সাফে আমরা এত গোল হজম করব না।’