
Published :
26 Oct 2026, 08:39 PM
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে এক দিনের জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের প্রতীকী দায়িত্ব গ্রহণ করেছেন নীলফামারীর নবম শ্রেণির শিক্ষার্থী লাবনী।
প্ল্যান ইন্টারন্যাশনালের এক বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়েছে, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস (১১ অক্টোবর) উদযাপন উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘গার্লস টেক ওভার’ উদ্যোগের মাধ্যমে কন্যাদের নেতৃত্বের অগ্রভাগে নিয়ে আসছে। প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক এই কর্মসূচির অংশ হিসেবে কিশোরীরা প্রতীকীভাবে বিভিন্ন দূতাবাস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের আসনে বসে নেতৃত্বের ধারণাকে নতুনভাবে গড়ে তুলছে এবং সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশ্বজুড়ে কন্যাশিশুরা সংকটের প্রথম সারিতে দাঁড়িয়ে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। তারা বাল্যবিবাহের বিরুদ্ধে লড়ছে, সহিংসতা থেকে সুরক্ষার দাবি তুলছে এবং সমতার পক্ষে আওয়াজ তুলছে। এর ধারাবাহিকতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাল্যবিবাহকে কন্যাশিশুদের অধিকার ও সমতার পথে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। এ বছরের বৈশ্বিক প্রচারণায় কন্যাদের মতামত ও আকাঙ্ক্ষা প্রকাশের সুযোগ তৈরির ওপর আলোকপাত করেছে, যেখানে নিজেদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে কন্যাদের অংশগ্রহণের অধিকারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।”
দায়িত্ব পালনের বিষয়ে লাবনী বলেন, “গার্লস টেকওভারে অংশ নিয়ে আমি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা পেয়েছি এবং কীভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানতে পেরেছি। এই অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।
“অভিজ্ঞ মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং বুঝতে পেরেছি আমাদের মত কিশোরীদের কথারও গুরুত্ব আছে। এখান থেকে পাওয়া অভিজ্ঞতা আমার এলাকার অন্য তরুণদের সঙ্গে বিনিময় করতে চাই, যাতে তারাও নিজেদের ওপর বিশ্বাস রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এগিয়ে আসে।”
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “যুব নারীদের নেতৃত্ব বিকাশ ও সিদ্ধান্ত গ্রহণে তাদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, লাবণীর মত যুব নারীদের মতামত, অভিজ্ঞতা ও নতুন চিন্তাভাবনা আমাদের কাজকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতে পারে।”