
এনবিআর সূত্রে জানা গেছে, একাধিক ভ্যাট হার বাদ দিয়ে একক ভ্যাট হারে যাওয়ার জন্য একটি সময়ভিত্তিক পরিকল্পনা করেছে এনবিআর। ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে হ্রাসকৃত ভ্যাট হারগুলো তুলে দেওয়া হবে। ২০৩০ সালে দেশে একক ভ্যাট হার করতে চায় এনবিআর। আইন অনুসারে একক ভ্যাট হার হবে ১৫ শতাংশ। তবে এই একক ভ্যাট হার কমানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। ব্যবসায়ীরা সাড়ে ৭ শতাংশ পর্যন্ত একক ভ্যাট হারের পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশে বর্তমানে ভ্যাটের হার রয়েছে মূলত ১০টি। এগুলো হলো ১৫, ১০, ৭.৫, ৫, ৪.৫, ৪, ২.৪, ২, ১.৫ ও ০ শতাংশ। তবে বেশির ভাগ পণ্য ও সেবায় ভ্যাট হার ১৫ শতাংশ।
আইএমএফের আগের ঋণে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে যৌক্তিকভাবে সব ধরনের কর ছাড় বাদ দেওয়ার শর্ত ছিল। নতুন ঋণেও একই ধরনের শর্ত নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। সেখানে এনবিআরের অবস্থান হলো, অর্থনীতি ও ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে একেবারে সব কর ছাড় উঠিয়ে দেওয়া সম্ভব নয়। রাজস্ব খাতের অটোমেশন জোর দেওয়া—আইএমএফের এই শর্তের সঙ্গে একমত এনবিআর।