
চীনের অন্যতম বড় ক্লাউড সেবা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে বলেছে। তবে তারা ব্যাপকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শ দেয়নি।
ফিনল্যান্ডের সরকারি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভালতোরি জানায়, তারা রাতভর পিএইচপির নিরাপত্তা সংশোধনী বসিয়েছে। এক দিন আগে সরকারি ওয়েব সেবাগুলো বন্ধ রাখার পর এখন ধীরে ধীরে সেগুলোতে দেওয়া সাময়িক বাধা তুলে নেওয়া হচ্ছে।
ভালতোরির মহাপরিচালক হান্নু নাউমানেন এক বিবৃতিতে বলেন, সেবা আবার চালু করতে কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। হালনাগাদের পাশাপাশি ব্যবস্থাগুলো সতর্কভাবে পরীক্ষা করতে হবে।
পিএইচপির ত্রুটি ঘিরে আজ এশিয়ার কয়েকটি দেশের সরকার সাইবার নিরাপত্তা পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। চীনের শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের নিজেদের ব্যবস্থা দ্রুত পরীক্ষা করে পিএইচপির সর্বশেষ নিরাপদ সংস্করণ ইনস্টল করতে বলেছে। প্রয়োজন অনুযায়ী সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার এবং অ্যাকাউন্ট, পাসওয়ার্ড ও নিরাপত্তা পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
হ্যাকিংয়ের ঝুঁকি বাড়তে পারে—এমন উদ্বেগ জানিয়ে দক্ষিণ কোরিয়া বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং জরুরি সাড়াদানের ব্যবস্থা চালু করেছে।