
ধনেপাতার মতো দেখতে পার্সলি খুব দরকারি একটি ঔষধি গাছ। কিডনি কার্যকর রাখতে এটি বেশ কার্যকর। পার্সলিপাতার অ্যান্টি–অক্সিডেটিভ গুণ আছে, অক্সিডেটিভ চাপ কমাতে সাহায্য করে।
অনেক সময় শরীরে ক্ষতিকর রিয়্যাকটিভ অক্সিজেন স্পিসিজ বা ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত আয়ন তৈরি হয়। এসব শরীরের কোষকে ধ্বংস করে। এটাকেই অক্সিডেটিভ স্ট্রেস বা চাপ বলে। এই অক্সিডেটিভ চাপ কিডনিরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
পার্সলিপাতায় ফ্ল্যাভোনয়েড-জাতীয় তিন ধরনের উদ্ভিজ্জ যৌগ আছে। এসব হলো অ্যাপিজেনিন, লিউটিওলিন ও কোয়ার্সেটিন। এর সবই শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট ও প্রদাহরোধী পদার্থ হিসেবে পরিচিত।
পার্সলিপাতার প্রভাব নিয়ে ২০১৭ সালে ইঁদুরের ওপর একটি গবেষণা পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, যেসব ইঁদুরকে পার্সলিপাতাযুক্ত খাবার দেওয়া হয়েছে, সেসবের শরীরে কিডনির পাথর তৈরিকারী ইউরিনারি ক্যালসিয়াম কমে গেছে। একই সঙ্গে আমিষজনিত বর্জ্যও বের হয়ে গেছে। এসব ইঁদুরের প্রস্রাবের পরিমাণও বেড়ে যায় এবং প্রস্রাবে পিএইচের মাত্রাও বাড়ে।
২০২৪ সালের এক গবেষণায় দেখা যায়, পার্সলিপাতা অক্সিডেটিভ চাপ কমানো ছাড়াও বিপাকক্রিয়ার গতি বাড়াতে পারে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত প্রদাহ রোধ করতে পারে। সর্বোপরি এই ঔষধি গুল্ম কিডনিজনিত বিভিন্ন সংক্রমণ ও দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে ভালো ভূমিকা রাখে।
সুতরাং কিডনি ঠিক রাখতে আজই ঠিক করুন আপনার খাদ্যতালিকা। আর যোগ করুন শসা, লেবু ও পার্সলিপাতা।
সূত্র: মায়ো ক্লিনিক