
২০২২ বিশ্বকাপের কথাই ধরুন।
আর্জেন্টিনা দলের কাতারে নিয়ে যাওয়া মাতে পাতা নিয়ে হঠাৎ দেশটিতে বিতর্ক শুরু হলো। কারণ, পাতাগুলো আর্জেন্টিনার নয়। উৎপাদন হয়েছিল উরুগুয়েতে, প্রক্রিয়াজাত করা হয়েছিল ব্রাজিলে।
ব্যস, শুরু হয়ে গেল হইচই!
আর্জেন্টিনার সাবেক পার্লামেন্ট সদস্য লুইস পাস্তোরি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘এটা অস্বাভাবিক এবং ব্যাখ্যাতীত। আর্জেন্টিনায় কয়েক ডজন খুব ভালো মাতে ব্র্যান্ড আছে। তার পরেও অন্য দেশের মাতে নেওয়া, এটা প্রায় উসকানি দেওয়ার মতো ব্যাপার।’
ভাবা যায়!
মেসিরা বিশ্বকাপ খেলতে গেছেন। অথচ দেশে বিতর্ক চলছে, তাঁরা কোন দেশের মাতে পান করছেন!
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য সমালোচনাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে দুই বছর পর কোপা আমেরিকায় আর সেই ‘ভুল’ করেনি।