• শনি. অক্টো. 10th, 2026

সাজেকে সশস্ত্র সদস্যদের সরানোর দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

Bytrendnews

অক্টো. 10, 2026


রাঙামাটির সাজেকে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন।

শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।

বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন এর আওতামুক্ত থাকবে।

দুই সংগঠনের নেতাদের দাবি, সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরাতে সরকার ও সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।

উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি ও বিশিষ্ট ব্যক্তিদের হুমকি দেওয়ার অভিযোগ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সাজেকের উজোবাজারে এক সমাবেশ থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে তাদের সরানো না হওয়ায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে অভিযোগ কার হয়, ৩০ অগাস্ট জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা মাচলং আর্মি ক্যাম্পের পাশের এলাকায় নেমে ব্রিজপাড়া, নুওপাড়া ও শিবপাড়ায় অবস্থান নেন। এরপর থেকে তারা বিভিন্ন এলাকায় গুলি চালানো, লোকজনকে হুমকি দেওয়া ও গ্রামবাসীর সম্পত্তি নষ্ট করছেন।

তাদের গুলিতে কস্মিতা ত্রিপুরা নামে নয় বছরের এক শিশু আহত হয়েছে বলেও দাবি করা হয়।

নেতাদের ভাষ্য, এসব ঘটনার কারণে এলাকার মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন। সাজেকবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সরকার ও সেনাবাহিনীর কাছে সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি জানান।

অবরোধ চলাকালে সাজেক পর্যটন সড়কে যানবাহন না চালাতে মালিক-শ্রমিক সংগঠন, পর্যটক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।