• বৃহস্পতি. অক্টো. 1st, 2026

‘আইনজীবীরা রাতে দোয়া করে…’: ক্ষমা চাইতে এমপিকে নোটিশ

Bytrendnews

অক্টো. 1, 2026


‘আইনজীবীরা রাতে দোয়া করে যেন আগামীকাল দুই-চারজন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি’- এমন বক্তব্যের কারণে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্যকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী ওমর ফারুক তুষার এ নোটিশ পাঠান।

নোটিশটি রামগঞ্জে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আইনজীবীদের নিয়ে সংসদ সদস্যের বক্তব্য মানহানিকর ও অপমানজনক। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তাকে বলা হয়েছে।

তা না হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।

বুধবার রামগঞ্জের কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম।

সেখানে আইনজীবীদের প্রসঙ্গে তিনি বলেন, “আইনজীবীরা রাতে দোয়া করে যেন আগামীকাল দুই-চারজন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, জামিন করিয়ে ভালো-মন্দ বাজার করে বাড়ি ফিরতে পারি।”

এ সময় তিনি বলেন, আইনজীবীরা ‘দু-চার-দশ টাকার বিনিময়ে’ মাদকসেবীদের জামিন করিয়ে থাকেন।

সংসদ সদস্যের ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরের কয়েকজন আইনজীবী এর প্রতিবাদ জানান।

লিগ্যাল নোটিশে ওমর ফারুক তুষার বলেন, সংসদ সদস্য হিসেবে শাহাদাত হোসেন সেলিমের ওই বক্তব্যে আইনজীবী সমাজের মান-সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তার দাবি, বক্তব্যটি মানহানির পর্যায়ে পড়ে।

এ বিষয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, “এখনো লিগ্যাল নোটিশটি পাইনি, তবে নোটিশ দেওয়ার বিষয়টি শুনেছি। নোটিশ পেলে আইনজীবীর মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তর পাঠাব।”

তিনি বলেন, “বিদ্যালয়ের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ এদিক-সেদিক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। মূলত মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিকভাবে আইনজীবীদের নিয়ে মন্তব্য করা হয়। তবে সেটি কারও ভাবমূর্তিতে আঘাত করার উদ্দেশ্যে ছিল না।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।