• বুধ. সেপ্টে. 30th, 2026

ভারতের ওয়ানডে দলে জায়গা না পেয়ে ‘খারাপ লাগে’ পান্তের

Bytrendnews

সেপ্টে. 30, 2026


ভারতের টেস্ট দল বাছাইয়ের সময় সবার আগে যে কজনের নাম চোখ বন্ধ করে চলে আসে, তাদের একজন রিশাভ পান্ত। কিন্তু উল্টো চিত্র ওয়ানডেতে। তার ঘরানার একজন ব্যাটসম্যান, যাকে মনে করা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যানদের একজন, তিনি ওয়ানডেতে সুযোগ পান না দুই বছরের বেশি সময় ধরে! ব্যাপারটি ভীষণ পোড়ায় পান্তকে। ভারতের কিপার-ব্যাটসম্যান জানালেন, আশা নিয়ে সময়ের অপেক্ষায় আছেন তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে পান্ত এখনও পর্যন্ত টেস্ট খেলেছেন ৫২টি। অনেকের চোখেই তিনি ভারতের সর্বকালের সেরা টেস্ট কিপার-ব্যাটার। ভারতের টেস্ট ইতিহাসের স্মরণীয় কয়েকটি ইনিংস এসেছে তার ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটেও যিনি ব্যাট করেন ওয়ানডের মতো আগ্রাসনে, সেই তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে সেভাবে জ্বলে উঠতে পেরেছেন কমই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স তার নামের পাশে একদমই বেমানান। তার পরও ৭৬টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে। কিন্তু ওয়ানডে তো এর কাছাকাছিও খেলতে পারেননি। ৮ বছরের ক্যারিয়ারে এই সংস্করণে খেলেছেন স্রেফ ৩১ ম্যাচ। সবশেষটি ২০২৪ সালের অগাস্টে।

ওয়ানডেতে লোকেশ রাহুলকে মূলত প্রাধান্য দেয় ভারত। এখন সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইশান কিষানও। এমনকি ধ্রুব জুরেলও হয়তো এই মুহূর্তে সম্ভাবনায় এগিয়ে পান্তের চেয়ে।

‘বিজনেস অব স্পোর্টস’ পডকাস্টে পান্ত স্বীকার করলেন, ব্যাপারটি তাকে পীড়া দেয়। ২৮ বছর বয়সী ক্রিকেটার বললেন, নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

“অবশ্যই, এমন কিছু ঘটলে খারাপ লাগে। কিন্তু একজন ক্রীড়াবিদের মানসিকতা মানুষকে এটা বিশ্বাস করতে শেখায় যে, যখনই কোনো বাধা আসে, তখনই ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ থাকে। একজন ক্রীড়াবিদ হিসেবে দৈনন্দিন জীবনে এই বিষয়গুলোর মোকাবিলা করতে হয়।

লোকে বলে ‘আমার সঙ্গে এটা হয়েছে, আমার সঙ্গে ওটা হয়েছে’, কিন্তু একজন ক্রীড়াবিদের জন্য এটা খেলারই একটি অংশ। আপনি জানেন আপনি নিজে কতটা কঠোর পরিশ্রম করছেন এবং এই পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখার ব্যাপারে আপনি স্পষ্ট।”

পান্তের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা খুব ভালো না হলেও সবশেষ ম্যাচগুলোর পারফরম্যান্স একদম খারাপ নয়। ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছেন তিনি মাত্র তিন ইনিংস আগেই। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস। এর আগের ৯ ইনিংসে ফিফটি আছে ৪টি। কিন্তু ২০২৪ সালের পর আর সুযোগটি পাননি মূলত রাহুল ও কিষানের কারণে।

হতাশ হলেও পান্ত বললেন, আপাতত প্রক্রিয়া ধরে রেখে সময় পক্ষে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

“প্রক্রিয়া ধরে রাখাই জরুরি। প্রতিদিন সেটাকে বাস্তবে রূপ দিতে, মাথার ভেতরে একটি ভাবনা সবসময় থাকে, অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে অবিচল থাকে। একমাত্র সমস্যা হলো, সারাক্ষণ মতামত দেওয়া সহজ। কিন্তু একই সঙ্গে, মানুষকে তো ঘটনা ঘটার জন্য অপেক্ষা করতে হয়।

“এতে কোনো সন্দেহ নেই যে, আমাকেই এটা করে দেখাতে হবে। কারণ আমার মনে হয়, নিজের সেরাটা দেওয়ার জন্য আমি তেমন কোনো সুযোগ পাইনি। পাশাপাশি এটাও বলতে হবে, আন্তর্জাতিক ক্রিকেটও বদলে যাচ্ছে। কখনও কখনও সুযোগের জন্য অপেক্ষা করতে হয় এবং পরিস্থিতি নিজের অনুকূলে আনতে হয়।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।