
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি করা ভুল বা অসম্পূর্ণ সারসংক্ষেপ মানুষের স্মৃতিকে বিভ্রান্ত ও বিকৃত করতে পারে এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
গবেষণায় উঠে এসেছে, এআইয়ের তৈরি করা সারসংক্ষেপ মানুষের স্মৃতিকে বিভ্রান্ত বা বিকৃত করতে পারে। বিভিন্ন এআই সিস্টেম কেবল ভুল সারসংক্ষেপ তৈরি করে না, বরং সেসব ভুলের কারণে মানুষও ভুল তথ্যের শিকার হতে পারে।
মিটিংয়ের অডিও প্রতিলিপি থেকে শুরু করে পুলিশি ফুটেজ বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এআইয়ের তৈরি সারসংক্ষেপের ব্যবহার দিন দিন বাড়ছে।
ঠিক এ প্রেক্ষাপটেই গবেষণাটি সামনে এল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। এআইয়ের এই ধরনের সারসংক্ষেপ কীভাবে মানুষের সত্যের উপলব্ধি বদলে দিতে পারে তা বোঝার চেষ্টা করেছেন ‘জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার’-এর গবেষকরা।
প্রথমে গবেষকরা পরীক্ষা করেছেন, তথ্য সারসংক্ষেপে এআই সিস্টেমগুলো আসলে কতটা দক্ষ। এতে দেখা গেছে, এআই বারবার ভুল তথ্য বা বিভ্রান্তিকর বিষয় তৈরি করছে।
তাদের গবেষণায় সবচেয়ে সাধারণ ত্রুটিটি ছিল, এআই নিজের সারসংক্ষেপে মূল কনটেন্টের অনেক গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দিয়ে দেয়। বিভিন্ন প্রম্পট ও মডেলের ক্ষেত্রে এসব সিস্টেম প্রায় ৫১.৬ শতাংশ গুরুত্বপূর্ণ তথ্যই বাদ দিয়েছে।
এরপর গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, এসব সারসংক্ষেপ যারা ব্যবহার করছেন তাদের স্মৃতি ও বোঝার সক্ষমতার ওপর কেমন প্রভাব ফেলছে।
গবেষকরা বলছেন, অংশগ্রহণকারীদের যদি এমন কোনো এআই সারসংক্ষেপ দেখানো হয়, যা তাদের আগে দেখা কোনো ঘটনার ভুল বা বিভ্রান্তিকর চিত্র তুলে ধরে তবে তারা ওইসব ঘটনা আর সঠিকভাবে স্মরণ করতে পারেন না।
সারসংক্ষেপটি এআইয়ের তৈরি নাকি মানুষের– মানুষ তা বিশ্বাস করুক না কেন এ ঘটনাটি ঘটেছিল। এ ছাড়া মানুষ এআইকে কতটা বিশ্বাস করে বা এআই সম্পর্কে তাদের ধারণা কেমন তার ওপরও এটি নির্ভর করে না বলেই প্রমাণ মিলেছে।
নতুন গবেষণায় ৩৩১ জন অংশগ্রহণকারীকে একটি অ্যানিমেটেড ভিডিও দেখানো হয়। ভিডিওটিতে দেখা যায়, একটি গাড়ি এগিয়ে যাচ্ছে, যেখানে চালককে থামতে বা সামনে যেতে নির্দেশ দেওয়ার মতো একটি সাইনবোর্ড ছিল। এরপর গাড়িটি মোড় নিয়ে রাস্তা পার হতে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়।
এরপর গবেষকরা ২৪ থেকে ৮৪ ঘণ্টা অপেক্ষা করেন ও অংশগ্রহণকারীদের এআইয়ের তৈরি একটি সারসংক্ষেপ পড়তে দেন।
এসব সারসংক্ষেপের কিছু ছিল নির্ভুল ও কিছুতে ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল। এরপর অংশগ্রহণকারীদের ঘটনাটি স্মরণ করতে ও কার দোষ ছিল তা বলতে বলা হয়।
গবেষণায় দেখা গেছে, যারা বিভ্রান্তিকর এআই সারসংক্ষেপটি পড়েছেন তাদের ঘটনাটি সঠিকভাবে স্মরণ করার সম্ভাবনা কম ছিল।
গবেষকরা বলছেন, পুলিশি ফুটেজ পর্যালোচনার মতো নানা ক্ষেত্রে এই ধরনের সারসংক্ষেপ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত কারো মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য না থাকলেও এ ধরনের ব্যবহারের ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে।