
অস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য যে পাঁচটি সিনেমা জমা পড়েছিল, সেখান থেকে মনোনীত হয়েছে ‘রইদ’।
রোববার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই আসরে দেশ থেকে মনোনীত সিনেমাটির নাম জানানো হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৯৯তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য গত ২০ অগাস্ট ছবি আহ্বান করে বাংলাদেশের অস্কার কমিটি।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’সহ যেকটি সিনেমা জমা পড়েছিল, সেগুলো হল- রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।
এগুলোর মধ্যে স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে যায় ‘মানুষের বাগান’। বাকি চারটির মধ্যে অস্কারের জন্য নির্বাচিত হয় আলোচিত সিনেমা ‘রইদ’।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম এদিন নির্বাচিত সিনেমা ‘রইদের’ নাম ঘোষণা করেন।
যা নিয়ে ‘রইদ’
‘রইদ’ সিনেমার গল্প সাদু নামের এক ব্যক্তিকে ঘিরে, যার স্ত্রী মানসিক সমস্যায় জর্জরিত থাকেন। স্ত্রীর পাগলামি যখন সাদুর কাছে অসহ্য ঠেকে, তখন তাকে দূরে কোনো এক জেলায় ফেলে আসেন তিনি।
যে কাজটি একাধিকবার করেছেন সাদু; কিন্তু ঠিকানা চিনে মেয়েটি বারবার স্বামীর ঘরে ঠিক ফিরে আসে।
কখনো তার ফিরতে কখনো ছয় মাস লেগে যায়, কখনো এক বছর পার হয়, কিন্তু ফিরে আসেন ঠিকই।
সংসারে ফিরে মানসিক ভারসাম্যহীন মেয়েটি নিখোঁজ থাকা নিয়ে কিছু মনে থাকে না, তাই তারা আবার সংসার করেন।
মা সেলিনা বানু মনির কাছে শোনা সেই গল্পটাই পর্দায় ‘রইদ’ সিনেমায় তুলে ধরেছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা সুমন।
সিনেমায় সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান আর তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ সহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।
সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সিলেটের মেঘালয় সীমান্তের কাছের একটি জায়গায়। গত কোরবানির ঈদে মুক্তি পাস্য সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমার অভিনয়, ভিজুয়াল নিয়ে বেশ আলোচনা তৈরি হয়।
‘রইদ’ প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের কোরবানির ঈদের সময়ে।


