
সিলেট বেতার কেন্দ্র কমপ্লেক্সের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বেতারের কর্মীরা কমপ্লেক্সের ভেতরে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির জানান।
নিহত দেলোয়ার হোসেন (৪৫) নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, “নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কর্মী নন। মরদেহটি কীভাবে বেতার কমপ্লেক্সের ভেতরে এল, তা জানার জন্য আমরা পুলিশসহ সিসিটিভি ভিডিও খতিয়ে দেখছি। ভিডিও পর্যবেক্ষণ করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।”
ওসি মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরের একটি দেয়ালের পাশে মরদেহটি পড়েছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
bdnews24