
টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাষিরা আনারস আকারে বড় ও এর রং আকর্ষণীয় করতে রাসায়নিক ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় চাষিরা বলছেন, এলাকার বাইরে থেকে বিনিয়োগকারীরা এসে জমি বর্গা নিয়ে আনারস চাষ করছেন। তাঁদের মধ্যে রাসায়নিক প্রয়োগের প্রবণতা বেশি। আনারসে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করায় মানুষের নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
কৃষি বিভাগ সূত্র জানায়, এ মৌসুমে মধুপুরে ৫ হাজার ৮৭০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। গত বছর উপজেলার ৫ হাজার ৮৫০ হেক্টরে আনারস চাষ করা হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, মধুপুর বনাঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের লোকজন আনারস চাষ শুরু করেন। গারো সম্প্রদায়ের অজয় এ মৃ বলেন, পঞ্চাশের দশকের শেষ দিকে এ অঞ্চলে তাঁদের সম্প্রদায়ের লোকজন আনারস চাষ শুরু করেন। কয়েক বছরের মধ্যে এ আনারসের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে।