
Published :
21 Sep 2026, 01:54 AM
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সাবেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানিকে এসআইআর নোটিস পাঠানোর খবর দিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ভোটার তালিকার তথ্যে অসঙ্গতি থাকায় এ নোটিস পাঠানো হয়েছে বলে এসব খবরে বলা হয়েছে।
সংবাদ সংস্থা— পিটিআইয়ের বরাতে রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (এসআইআর) নোটিস পাওয়া ব্যক্তিদের তালিকায় খোদ নির্বাচন কমিশনার এসএস সান্ধুর নামও রয়েছে।
রাজ্যসভার সদস্য কপিল সিবাল ও তার স্ত্রীও একই নোটিস পেয়েছেন।
নোটিসে বলা হয়েছে, তাদের বিষয়ে পুরনো ভোটার তালিকা ও হালনাগাদ তালিকার তথ্যে অসঙ্গতি রয়েছে।
কেন এসআইআর নোটিস পাঠানো হয়েছে
৯৭ লাখের বেশি ভোটারকে নিয়ে প্রস্তুত করা খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এসব নোটিস দেওয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণনা ফরমে দেওয়া তথ্যে ‘অসঙ্গতি’ থাকায় ৩৩ লাখ ১৩ হাজার নোটিস পাঠানো হচ্ছে।
বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের দেওয়া তথ্য ২০০২ সালে পরিচালিত এসআইআরের রেকর্ডের সঙ্গে মিল পাওয়া যায়নি।
দিল্লির প্রধান নির্বাচনি কর্মকর্তার (সিইও) কার্যালয় জানিয়েছে, নোটিসগুলো সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ভোটারদের তাদের অসঙ্গতি সংশোধনের সুযোগ দেওয়া।
কার্যালয়ের তরফে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে যেভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে, এটা তেমন গুরুতর কিছু নয়।