আগামী শিক্ষাবর্ষে (২০২৭) দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ৫০ নম্বরের এবং ষষ্ঠ থেকে নবমে ১০০ নম্বরের পরীক্ষা হবে। আগামী ১৭ ডিসেম্বরের পর যে কোনো দিন এ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের তথ্য নেওয়া হবে। এরপর শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হবে।
কোন শ্রেণিতে কত নম্বরের পরীক্ষা
ভর্তি পরীক্ষা আয়োজনে মাউশি এরই মধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে। নীতিমালা অনুযায়ী- দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এতে সময় থাকবে এক ঘণ্টা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণিতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
