
ইনটেক্স সাউথ এশিয়ার টেক্সটাইল সোর্সিং সিরিজের দেশীয় সংস্করণ ‘ইনটেক্স বাংলাদেশ-২০২৬’ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ১৮ জুন। তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এতে গুরুত্ব আরোপ করা হবে টেকসই ও উদ্ভাবনী সোর্সিং সমাধানের ওপর।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২০ জুন পর্যন্ত প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। সোমবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, গত ১১ বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে ইনটেক্স সাউথ এশিয়া সিরিজের ১৭টি প্রদর্শনী হয়েছে। এবারের প্রদর্শনী বৈশ্বিক টেক্সটাইল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল প্রস্তুতকারকদের মধ্যে যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন বৈশ্বিক পোশাক উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
