• সোম. সেপ্টে. 14th, 2026

শিশু-কিশোরদের রংতুলিতে বর্ষার চিত্রকর্ম

Bytrendnews

সেপ্টে. 14, 2026


শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও প্রকৃতিপ্রেমকে উৎসাহিত করতে শিশুদের পত্রিকা দোলনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘দোলন বর্ষা আর্ট এক্সিবিশন–২০২৬’ শেষ হয়েছে। ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ৬ দিনব্যাপী প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের বর্ষা বিষয়ক চিত্রকর্ম প্রদর্শিত হয়।

বর্ষা ঋতুকে কেন্দ্র করে আয়োজিত প্রদর্শনীতে শিশুদের রংতুলিতে ফুটে ওঠে বৃষ্টি, নদী, নৌকা, কাশফুল, সবুজ প্রকৃতি, গ্রামবাংলার জীবন, জলমগ্ন পথঘাট এবং বর্ষার নানা নান্দনিক দৃশ্য। তাদের কল্পনা ও সৃজনশীলতায় বাংলাদেশের চিরচেনা বর্ষা পেয়েছে নতুন এক শিল্পরূপ।

প্রদর্শনীর শেষদিনে কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি শিশু-কিশোরদের আঁকা ছবি গভীর আগ্রহ নিয়ে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শিশুদের শিল্পচর্চায় উৎসাহ দেন এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে আরও বিকশিত করার আহ্বান জানান।

এর আগে প্রদর্শনীটি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল। এ ছাড়া প্রদর্শনীতে শিল্পী, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শিল্পপ্রেমীদের উপস্থিতি ছিল।

আয়োজকেরা বলেন, ‌‘শিশুদের শিল্পচর্চা শুধু ছবি আঁকার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে তাদের কল্পনাশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা, প্রকৃতির প্রতি ভালোবাসা ও নান্দনিকবোধ গড়ে ওঠে। সেই লক্ষ্যেই ‘দোলন’ নিয়মিতভাবে শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন শিল্প ও সৃজনশীল আয়োজন করে আসছে।

art

শিশুদের পত্রিকা দোলনের সম্পাদক ও আয়োজক কামাল মুস্তাফা বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। শিশুদের শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি তাদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়াও দোলনের অন্যতম লক্ষ্য।’

পুরস্কার বিতরণ ২ সেপ্টেম্বর

অংশগ্রহণকারী শিশু-কিশোরদের সম্মাননা দেওয়া হবে ২ সেপ্টেম্বর বিকেল ৩টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীর হাতে ক্রেস্ট ও সনদপত্র এবং স্মারক ক্যাটালগ তুলে দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকদের প্রত্যাশা, শিশু-কিশোরদের এই শিল্পযাত্রা তাদের ভবিষ্যৎ সৃজনশীল জীবনে অনুপ্রেরণা জোগাবে এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প, প্রকৃতি ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও গভীর করবে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।