
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সাধনার মোড় থেকে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
পরে সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, “আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কোনো অপশক্তির ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “যুবদলের নেতাকর্মীরা রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপতৎপরতার প্রতিবাদ জানাবে। দেশের মানুষের অধিকার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব আনিসুর রহমান খান।
মিছিল-সমাবেশে শহর ও জেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
bdnews24