• সোম. সেপ্টে. 21st, 2026

মালয়েশিয়ায় বৃহত্তম হালাল প্রদর্শনীর ২২তম আসর

Bytrendnews

সেপ্টে. 21, 2026


বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য প্ল্যাটফর্ম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস—এমআইএইচএএসের ২২তম আসরকে ঘিরে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের অঙ্গনে ব্যাপক প্রস্তুতি চলছে। ‘দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হালাল শোকেস’ প্রতিপাদ্যে এবারের আয়োজন শুধু হালাল পণ্যের প্রদর্শনী নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে সামনে আসছে।

এবারের এমআইএইচএএসে বাংলাদেশেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকছে। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ছয়টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণই এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।

এদিকে এমআইএইচএএসকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে দুটি ব্যবসায়ী সংগঠনের পৃথক প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের আরেকটি প্রতিনিধিদল একই সময়ে মালয়েশিয়ায় থাকবে। ফলে দুই চেম্বারের মোট ৫৪ সদস্যের অংশগ্রহণে দেশটির ব্যবসায়ী মহলের সঙ্গে একাধিক বৈঠক ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কুয়ালালামপুর সফর করবে। এ সফরে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার (২০ সেপ্টেম্বর) দেওয়া ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন বাংলাদেশের ব্যবসায়ী নেতারা। ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা ও বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।