
অনেকটা নিষ্প্রভ উইকেটে অনায়াসে রান করছিলেন রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। তাদের সপ্তম জুটি পৌঁছে যায় শতরানের দুয়ারে। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই যেন ম্যাচে প্রাণ ফেরালেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান তারকা দুই ওভার মিলিয়ে ছয় বলের মধ্যে তুলে নিলেন চার উইকেট। বড় সংগ্রহের পথে থাকা দক্ষিণ আফ্রিকা আটকে গেল সাড়ে তিনশর অনেক নিচে।
টেস্ট ক্রিকেটের জন্য রোমাঞ্চকর একটি দিন কাটল কেপ টাউনে। ব্যাটে-বলে লড়াই হলো দারুণ। ম্যাচের মোড় বারবার ঘুরে গেল নাটকীয়ভাবে।
সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের প্রথম দিনের শুরুর সেশন ছিল পুরোপুরি দক্ষিণ আফ্রিকার, কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ১৪০। উদ্বোধনী জুটিতে আসে ১৫৮ রান। কিন্তু এই জুটি ভাঙার পর একপর্যায়ে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ২৩২।
এরপরই রিকেলটন ও ইয়ানসেনের ৯৫ রানের জুটিতে আবার ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। কিন্তু স্টার্কের তোপে ২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৩২৯ রানেই অলআউট হয়ে যায় তারা।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৪ বলে ৯৫ রানে থামেন মার্কেস অ্যাকারম্যান। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার আরও তিন জন।
তবে দিনের সব আলো কেড়েন নেন স্টার্ক। ৭২ রানে ৬ উইকেট শিকার করেন ৩৬ বছর বয়সি পেসার। ১১০ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ২০ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
(বিস্তারিত আসছে)
bdnews24