
Published :
26 Oct 2026, 04:37 PM
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ৮ নেতা ও সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে চলতি সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সোমবার এক ব্রিফিংয়ে প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, “তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হচ্ছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা দাখিল করা সম্ভব হবে বলে আশা করছি।”
যে ৮ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।
আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হচ্ছে প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, “তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত, কারফিউ জারি এবং কারফিউ দিয়ে গণহত্যার পরিকল্পনার অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।”
এদিকে জুলাই অভ্যুত্থানের সময় মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে বলে তথ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ। চলতি সপ্তাহেই সেটি ট্রাইব্যুনালে দাখিলের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
ওই মামলায় সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লাসহ আরও কয়েকজন আসামি রয়েছেন।
এ ছাড়া আরও প্রায় ৩টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা পড়েছে তথ্য দিয়ে আমিনুল ইসলাম বলেন, “প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সেসব মামলাতেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের চেষ্টা করা হবে।”
নতুন জমা পড়া তদন্ত প্রতিবেদনগুলো কোন এলাকার ঘটনা নিয়ে, তা তাৎক্ষণিকভাবে জানাননি প্রধান কৌঁসুলি।