
Published :
16 Oct 2026, 08:21 PM
ডেঙ্গুবিরোধী অভিযানে আদায় করা জরিমানার অর্থ এইডিস মশাবাহিত রোগটিতে মৃতদের পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
এছাড়া ‘বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য’ হলে ডেঙ্গুর টিকা আমদানির প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ডিএসসিসি।
ডিবেট ফর ডেমোক্রেসি এই ছায়া সংসদের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্যে আবদুস সালাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভর করে। তবে সরকারের দায়িত্বও অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং নিয়মিত মনিটরিং করছেন।
“প্রধানমন্ত্রী যে কোনো সময় হাসপাতাল ও আবাসিক এলাকায় যেতে পারেন- এমন নির্দেশনার পর পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লা সংগ্রহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে।”
পলিথিনের যত্রতত্র ব্যবহার জলাবদ্ধতা তৈরি করে। তাই নগরবাসীকে ময়লা ফেলার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল কবি কাজী নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।