
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির ‘তেরঙা যাত্রা’ কর্মসূচিতে যাওয়ার আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকালে ওই কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ দিল্লিতে দীপকের বাসায় কর্মসূচি বন্ধ করার ব্যাপারে নোটিস নিয়ে হাজির হয়। সেখান থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

বাসায় পুলিশ সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে। নোটিস হাতে নিয়ে পুলিশের উদ্দেশে নানা প্রশ্ন করেন।
ওই ঘটনায় ছড়ানো ভিডিওর বরাতে এনডিটিভি লিখেছে, নোটিসে দীপকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ‘তিনি সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে উস্কে দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি’।
তবে দীপকে নোটিস হাতে নিয়ে বলেছেন, “আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।”
bdnews24