
২০২২ সালে ব্রিজবেনে আসার পর একটি সংস্থার হয়ে অনুবাদকের কাজ করেছিলাম। আমার কাজ ছিল একটি প্রশিক্ষণ কর্মশালায় ইংরেজি বক্তার বক্তব্য অংশগ্রহণকারী রোহিঙ্গাদের বুঝিয়ে বলা। এই রোহিঙ্গারা খুব ভালো বাংলা জানতেন। তাই আমার কোনো সমস্যা হচ্ছিল না। তবে এই প্রশিক্ষণ থেকে জানতে পারি, ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত অনেক রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে অস্ট্রেলিয়ায় এসেছেন। তবে এখন অবস্থার পরিবর্তন হয়েছে। বর্তমানে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ প্রায় অসম্ভব। সাগরপথে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দেশটি তৎপর। এমনকি এ ধরনের চেষ্টা ঠেকাতে ফেসবুকে রোহিঙ্গা ভাষায় সচেতনতামূলক বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। তাই প্রথম কথা হলো, কোনো অবস্থাতেই অস্ট্রেলিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা উচিত নয়। তাই বলব, কারও যদি অস্ট্রেলিয়ায় আসার স্বপ্ন বা ইচ্ছা থাকে, তাহলে তাঁর উচিত বৈধ পথে চেষ্টা করা।
অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স দপ্তরের তথ্য বলছে, দেশটির জাতীয় ভাষা ইংরেজি। আর তাই অস্ট্রেলিয়ায় বসবাস ও সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য ইংরেজি জ্ঞান অবশ্যই প্রয়োজন। আমি বলব, কেউ যদি অস্ট্রেলিয়ায় আসতে চান, তাহলে তাঁর ইংরেজি জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। ভালো আইইএলটিএস স্কোর থাকতে হবে। ইংরেজি ভাষাগত দক্ষতা অর্জনের চেষ্টা থাকতে হবে। এখানে একটি তথ্য জানিয়ে রাখি, কেউ যদি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য আসতে চান, তাহলে তাঁকে অবশ্যই ৬.৬ আইইএলটিএস স্কোর অর্জন করতে হবে। কোনো বিভাগেই ৬.০ পয়েন্টের নিচে পাওয়া চলবে না।