
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কমিটিতে আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও মো. উলফাতুল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তবে কমিটি ঘোষণা পর থেকেই সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির নিষ্ক্রিয় ছিলেন। সংগঠনটির ব্যানারে উল্লেখযোগ্য কোনো কর্মসূচিও হয়নি। এ নিয়ে সংগঠনটির অন্য নেতাদের মধ্যে অসন্তোষ ছিল।
এ অসন্তোষের মধ্যেই গতকাল রাতে কেন্দ্রের সঙ্গে সভা করে শাখা কমিটি। এ বৈঠকে আব্দুল্লাহ আল মাহাথিরকে নিয়ে অভিযোগ জানানো হয়। পরে কমিটি স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এ সভায় দ্রুত কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
জানতে চাইলে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে। এ কারণে মূলত কমিটি স্থগিত করা হয়েছে। কারণ, কেন্দ্রীয় কমিটি নবায়নের প্রয়োজন মনে করেছে।