
Published :
18 Oct 2026, 10:58 AM
সম্প্রীতির বার্তা ও সনাতনী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বাহরাইনে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’-এর বাহরাইন শাখা।
রাজধানী মানামার অদূরে আল নাখলা সুইমিংপুলের অস্থায়ী পূজামণ্ডপে এ দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
পূজাকে কেন্দ্র করে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনায় অংশ নিচ্ছেন ভক্তরা।
প্রচলিত ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবছর দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘোড়ায় এবং কৈলাসে গমন নৌকায়। সনাতন ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর আগমন ও গমনের বাহনকে ঘিরে রয়েছে নানা তাৎপর্য।
অনুষ্ঠানের সূচনাপর্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সেলর মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুজিত সূত্রধর, সঞ্চালনা করেন বিষ্ণুপদ দেব।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “এ ধরনের ধর্মীয় আয়োজনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে। সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’ বাহরাইন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু বলেন, “এ বছর দুর্গাপূজার সময় তিনদিনের ছুটি বরাদ্দ দিয়ে সরকার যে মহৎ ও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদারের ব্যবস্থাপনায় এবং বাহরাইনে বাংলাদেশ স্কুলের শিক্ষক মন্দাকিনীর উপস্থাপনায় চলে সাংস্কৃতিক আয়োজন।