• বুধ. অক্টো. 14th, 2026

আইপ্যাডের আদলে প্রথম স্মার্ট হোম ডিসপ্লে উন্মোচন করল অ্যাপল

Bytrendnews

অক্টো. 14, 2026


স্মার্ট হোম প্রযুক্তি বা বাসাবাড়ি অটোমেশন কাজে বিশ্ববাজারে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

মঙ্গলবার নতুন কিছু ডিভাইসের ঘোষণা দিতে নিউ ইয়র্ক শহরে ‘ওয়েলকাম হোম’ শিরোনামে এক বিশেষ ইভেন্টের আয়োজন করেছে কোম্পানিটি। অনুষ্ঠানে আমন্ত্রিত সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সামনে নিজেদের নতুন পণ্যগুলো উন্মোচিত করেছে অ্যাপল।

ইভেন্টের মূল আকর্ষণ ছিল দীর্ঘদিন ধরে বহুল আলোচিত অ্যাপলের প্রথম ‘স্মার্ট হোম হাব’। পাশাপাশি ‘অ্যাপল টিভি ফোরকে’ ও ‘হোমপড মিনি’র নতুন ও উন্নত সংস্করণও উন্মোচিত হয়েছে।

তবে কেবল একক কয়েকটি ডিভাইসেই আটকে থাকেনি অ্যাপল, বরং ঘরের সার্বিক অটোমেশনের জন্য সমন্বিত এক স্মার্ট হোম ইকোসিস্টেম গড়ে তোলার বড় পরিকল্পনার কথাও তুলে ধরেছে তারা।

স্মার্ট হোম হাব ‘হোম ভিউ’

আইপ্যাডের মতো দেখতে একটি টাচস্ক্রিন ডিসপ্লের সাহায্যে পুরো ঘরের যাবতীয় স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের জন্য অ্যাপল একটি ডিভাইস তৈরি করছে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক বছর ধরেই।

অ্যামাজনের ‘ইকো শো’ বা গুগলের ‘নেস্ট হাব’-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আনা ডিভাইসটি নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল।


Image

এতে রয়েছে স্পিকার বেইসের সঙ্গে যুক্ত সাত বর্গইঞ্চির একটি ‘লিকুইড রেটিনা’ টাচ ডিসপ্লে। ছবি: রয়টার্স

প্রাথমিক খবরে এর নাম ‘হোমপড’-এর সঙ্গে মিলিয়ে ‘হোমপ্যাড’ হতে পারে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত নামের বিভ্রান্তি এড়াতে ডিভাইসটির নাম রাখা হয়েছে ‘হোম ভিউ’।

এ নতুন গ্যাজেটটিতে রয়েছে স্পিকার বেইসের সঙ্গে সংযোগ সাত বর্গইঞ্চির একটি ‘লিকুইড রেটিনা’ টাচ ডিসপ্লে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই টাচ ডিসপ্লে হয়ত আগামীতে বাজারে আসতে যাওয়া অ্যাপলের স্পর্শসংবেদনশীল ম্যাকবুকের পথই সুগম করছে।

ডিভাইসটি দুটি সংস্করণে বাজারে আসছে। এর একটি ডেস্ক বা টেবিলের ওপর রাখার মতো, অন্যটি দেওয়ালে ঝুলিয়ে ব্যবহারের জন্য তৈরি হয়েছে।

দেওয়ালে ঝোলানো সংস্করণটির সাউন্ড বা অডিও সিস্টেমটি এমনভাবে টিউন করা হয়েছে, যাতে তা দেওয়ালের সঙ্গে শব্দ সংযোগ তৈরি করতে পারে।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রযুক্তি ও এর ভেতরেই বিল্ট-ইন হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত নতুন ‘সিরি এআই’।

অ্যাপলের পরবর্তী প্রজন্মের ‘সিরি এআই’ প্রস্তুত হতে দেরি হওয়ায় ‘হোম ভিউ’ প্রজেক্টটি কিছুদিন স্থগিত রাখা হয়েছিল বলে খবর বেরিয়েছিল।

‘হোম ভিউ’-এর অন্যতম বড় সুবিধা এটা সামনে থাকা ব্যবহারকারীর চেহারা শনাক্ত করতে পারে। ফলে পুরো পরিবারের জন্য নির্ধারিত স্ক্রিন থেকে মুহূর্তের মধ্যেই এটা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত কাস্টমাইজড ইন্টারফেইসে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়।

ব্যবহারকারীর আইফোনের তথ্যের সঙ্গে যুক্ত থাকার কারণে এর মাধ্যমে সরাসরি নিজের ব্যক্তিগত নোটিফিকেশন ও ক্যালেন্ডার শেডিউল দেখা সম্ভব হবে।

এ ছাড়া, অ্যাপল ওয়াচের মতো এতেও নিজের পছন্দ অনুসারে ‘ওয়াচ ফেইস’ যোগ করার সুযোগ রাখা হয়েছে, যেখানে আবহাওয়া বিবরণী, পছন্দের ছবি বা সুপরিচিত ‘স্নুপি’ অ্যানিমেশন ফুটিয়ে তোলা যাবে।

অ্যাপল বলেছে, ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা জোরদারে বিশেষভাবে নকশা করা হয়েছে ‘হোম ভিউ’। তারা কোনো অবস্থাতেই গ্রাহকের ব্যক্তিগত ডেটা বা তথ্য ট্র্যাক করে না বা অন্য কারও কাছে বিক্রি করে না।

মাল্টিটাস্কিং সুবিধার অংশ হিসেবে ‘হোম ভিউ’ ফেইসটাইম কল সমর্থন করে। এর মাধ্যমে গান বা পডকাস্ট শোনা ও ভিডিও স্ট্রিমিংয়ের পাশাপাশি রান্নার সময় ধাপে ধাপে রেসিপি দেখে নেওয়ার সুবিধাও মিলবে।

নতুন এ অ্যাপল ‘হোম ভিউ’-এর টেবিলটপ ও ওয়াল-মাউন্ট উভয় সংস্করণের দামই ধরা হয়েছে ২৯৯ ডলার। সিলভার, স্টারলাইট, রোজ পিংক ও স্পেস গ্রে এই চারটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

মঙ্গলবার থেকেই এর আগাম অর্ডার শুরু হচ্ছে ও ১৩ নভেম্বর থেকে ক্রেতাদের হাতে পৌঁছাবে। প্রাথমিক পর্যায়ে আটটি দেশে কেবল ইংরেজি ভাষায় ব্যবহারের জন্য এটা চালু করা হচ্ছে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।