• মঙ্গল. অক্টো. 13th, 2026

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুর

Bytrendnews

অক্টো. 13, 2026


সৌদি আরবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি কর্মীর ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সোনার মানুষ সম্মিলন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অভিবাসন ও শরণার্থীবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সৌদি আরবের রিয়াদে বিমান হামলায় বাংলাদেশি হতাহতের বিষয়ে প্রতিমন্ত্রী নুর বলেন, “গত রবিবার রিয়াদে এয়ার অ্যাটাকে কয়েকজন বাংলাদেশি গুরুতর হতাহত ও নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই আমাদের রিয়াদস্থ দূতাবাস অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।

“রাষ্ট্রদূত নিজে এবং সিনিয়র কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের নাগরিকদের চিকিৎসা প্রদান এবং নিহতদের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের আন্তরিক সহযোগিতা দিয়ে আসছে।”

গত শনিবার রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনি গোষ্ঠী হুতি। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন, আহত হন ৩০৮ জন। আহতদের মধ্যে ২৪ বাংলাদেশি রয়েছেন।

নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এ ঘটনার রেশ না কাটতেই রোববার ফের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করে হুতিরা। তাতে এক প্রবাসী পাকিস্তানি নিহত হওয়ার পাশাপাশি ১১ ব্যক্তি আহত হয়েছেন।

এমন সংকটকালীন পরিস্থিতিতে ‘বন্ধু রাষ্ট্রের’ ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, “সৌদি আরব আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। এই দুর্যোগের দিনে শুধু সহায়তা চাওয়া নয়, তাদের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব।

“পাশাপাশি সরকার নিজস্ব উদ্যোগে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য দিচ্ছে।”

প্রতিমন্ত্রী বলেন, “দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী কিছু কোম্পানি ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর বিএমইটির মাধ্যমে নিবন্ধনভুক্ত কর্মীদের কেউ নিহত হলে সরকারিভাবে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।”

বিদেশি শ্রমবাজারের বর্তমান অবস্থা তুলে ধরে নুরুল হক নুর বলেন, “আমাদের শ্রমশক্তির প্রায় ৭৫ শতাংশই মধ্যপ্রাচ্যমুখী, যার অর্ধেকের বেশি যায় সৌদিতে।

“যুদ্ধের কারণে গত কয়েক মাসে লোক পাঠানো কিছুটা কমলেও তা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করছি।”

দেশে ফেরা কর্মীদের জন্য রি-ইন্টিগ্রেশন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতার সনদ মূল্যায়ন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, “মালয়েশিয়াতে জিরো কস্টে সরকারিভাবে কর্মী পাঠানোসহ অন্যান্য জি-টু-জি প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হবে।”

পশ্চিম এশিয়ার দেশগুলোর কঠোর আইনি বিধিবিধান যেন সবাই মেনে চলে সে আহ্বান জানান নুরুল হক নুর। বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত অডিও, ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার বিশেয়ে দেশগুলোতে যে বিধিনিষেধ আছে, তা মেনে চলার আহ্বান জানান তিনি।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।