
মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাত ও বিক্রি করা বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিষিদ্ধ। এবার এই বিধানের পরিধি বাড়ানো হচ্ছে। শুধু মানুষ নয়, গবাদিপশু, মৎস্যসহ যেকোনো প্রাণীর জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যও নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ গবাদিপশু, মৎস্য বা অন্য কোনো প্রাণীর জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাত বা বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার।
এমন বিধান যুক্ত করে ১৭ বছর পর ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন’-এর খসড়া তৈরি করেছে। গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকের পর এ খসড়া করা হয়। ২৯ অক্টোবর পর্যন্ত এই খসড়ার ওপর মতামত নেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, বিশ্বজুড়েই এখন ‘ওয়ান হেলথ’ ধারণাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধারণায় মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য ও পরিবেশের স্বাস্থ্যকে আলাদা না করে পরস্পর সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রাণীর জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যকেও আইনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।