
আমিনুলকে সভাপতি করে নতুন কমিটি গঠনের পক্ষে মত দিয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফও। তবে পরিচ্ছন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, হাইব্রিড কেউ যাতে কমিটিতে ঢুকতে না পারেন, তা দেখতে হবে। ওয়ার্ড ও থানায় দুর্দিনে যাঁরা সক্রিয় ছিলেন, প্রয়োজনে তাঁদের খুঁজে এনে মহানগর কমিটিতে জায়গা দিতে হবে।
সদ্য বিলুপ্ত কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক ছিলেন ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। তিনি বলেন, নতুন কমিটি নিয়ে নীতিনির্ধারকেরা ভাববেন। এ বিষয়ে এখনো কোনো আলোচনা শোনেননি তিনি। তবে নেতৃত্ব বাছাইয়ে সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা ও অতীতের ভূমিকা বিবেচনার পরামর্শ দিয়েছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথম আলোকে বলেন, মাঠের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের দিয়ে কমিটি হলে ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা সহজ হবে। তৃণমূলের নেতা–কর্মীরা কাকে চান, প্রয়োজনে সেটিও যাচাই করা যেতে পারে। সরকারি দলের নেতাদের জনগণের আস্থা অর্জনের বিষয়টি মাথায় রাখতে হবে।