
Published :
05 Oct 2026, 04:46 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে কর্তৃত্ব প্রতিষ্ঠার ‘সহিংস লড়াই’ বন্ধে নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে ‘নিয়ন্ত্রণে আমূল সংস্কার ও আত্মশুদ্ধির কার্যকর উদ্যোগ’ নিতে বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
সোমবার টিইআবির সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, “রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, এতে চার সাংবাদিকসহ অন্তত দশজন আহত হন। প্রক্টর কর্তৃপক্ষ ব্যর্থতা স্বীকার করেছেন এবং তার ভাষ্য অনুযায়ী, পুলিশও ভয়ে পালিয়ে গেছে।
“বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের মধ্যে মামলা করার ঘোষণা দিয়েছে; ছাত্রদলও দলীয় তদন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকরা অত্যন্ত যৌক্তিকভাবে অভিযুক্তদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।”
এ ঘটনার প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “কর্তৃত্বের সহিংস লড়াই বন্ধ এবং নিজ নিজ দল ও অঙ্গসংগঠনকে নিয়ন্ত্রণের মূল রাজনৈতিক দায় কি ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী এড়িয়ে যেতে পারে? তদন্ত কমিটি গঠন বা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে লোকদেখানো দায়িত্ব শেষ না করে সহিংসতার প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।”