
গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত যখন পরস্পরবিরোধী অবস্থানে, তখন তাদের সমঝোতার খবর শুনতে পাওয়ার কথা বললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি নোট অব ডিসেন্টের জায়গা থেকে সরে আসবে, আর জামায়াত হয়তো নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসবে। এ ধরনের একটি ইনার টেবিলে বোঝাপড়ার খবর আমরা শুনতে পাচ্ছি।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষরে এখনো রাজি না হওয়া দল এনসিপির নেতা নাসীরুদ্দীন।
গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার পর থেকে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি অবস্থান নেয়। আজও বিভিন্ন অনুষ্ঠানে দল দুটির নেতারা পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দেন।