
ঋণ জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক রন হক সিকদারসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সংস্থার উপপরিচালক জি এম আহসানুল কবীর বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনে এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন। মামলায় ঘটনার সময়কাল ধরা হয়েছে ২০১৯ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর।
এজাহার অনুযায়ী, সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ‘ভুয়া ও জালিয়াতির’ মাধ্যমে তৈরি করা সাব-কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট দেখিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড থেকে ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৬০০ কোটি টাকা ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয়। সুদ ও অন্যান্য মাশুল যুক্ত হয়ে এই ঋণের পরিমাণ দাঁড়ায় ৯০৩ কোটি ৬৭ লাখ টাকা।