
কুমিল্লায় নিখোঁজের পর ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার হয়েছে। এ বছর এমন অনেক শিশুরই সন্ধান মিলেছে মৃত্যুর পর—কেউ মাটিচাপা অবস্থায়, কেউ নদী বা ডোবা থেকে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুধু নিখোঁজের পর লাশ উদ্ধার নয়, চলতি বছরে ধর্ষণের পর হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যার শিকার হয়েছে শিশুরা। এসব হত্যাকাণ্ডের কোনো কোনো ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পরিচিত ব্যক্তি বা স্বজনের দিকে।
আসকের পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অন্যান্য ঘটনায় মোট ১৫৫ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

