
বিশ্বের ১০২টি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)। তারা ১৯৩৭ সাল থেকে সংবাদমাধ্যমের নানা ধরনের অনন্য উদ্যোগের স্বীকৃতি দিয়ে আসছে।
বিভিন্ন দেশের পত্রিকা, ম্যাগাজিন, ডিজিটাল প্ল্যাটফর্ম, টেলিভিশন ও রেডিওর জন্য অন্যতম সম্মানজনক এই প্রতিযোগিতায় এবার ৪৬টি দেশের ২৭৪টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠান থেকে জমা পড়ে ৯৬০টি উদ্যোগ। এর মধ্য থেকে ২০০টি উদ্যোগকে ‘ফাইনালিস্ট’ (প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্থান পাওয়া) নির্বাচিত করে বিশ্বের ২৬টি দেশের ৬০ জন সংবাদমাধ্যম নির্বাহীর সমন্বয়ে গঠিত জুরিবোর্ড (বিচারক প্যানেল)। সেখান থেকে ৮টি বিভাগে ২০টি শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়।
প্রথম আলো ছাড়াও এ বছরের পুরস্কারপ্রাপ্তির তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, কানাডার টরন্টো স্টার, অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড, নিউজ কর্প, ভারতের দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, দ্য কুইন্ট ও জাগরণ, সুইজারল্যান্ডের ব্লিক, ডেনমার্কেন পলিটিকেন, সুইডেনের এনটিএম, সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্রাজিলের নেক্সো জার্নালসহ বিভিন্ন দেশের সংবাদমাধ্যম ও সংবাদমাধ্যমের মালিক প্রতিষ্ঠান।