
বগুড়ার ধুনট উপজেলায় রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
পুলিশ জানায়, ভোরে মসজিদে যাওয়ার রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে স্থানীয় মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্থানীয়রা ভিড় করেন।
পুলিশের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে শিশুটিকে সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
ওসি আতিকুল ইসলাম বলেন, নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
bdnews24