• রবি. সেপ্টে. 20th, 2026

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ

Bytrendnews

সেপ্টে. 20, 2026


Published :

21 Sep 2026, 12:42 AM


Updated :
21 Sep 2026, 12:42 AM

রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আনসার সদস্যদের মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম আইয়ুব আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন আইয়ুব আলী। এ সময় স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আইয়ুব আলী ওই দুই শিক্ষার্থীর পক্ষে কথা বলতে গেলে আনসার সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরে আহত অবস্থায় আইয়ুব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের রেলপথে অবস্থান নেন। এ সময় তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকে পড়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) এজিএস সালমান সাব্বির বলেন, “রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে আনসার সদস্যরা কোনো কারণ ছাড়াই আটক করে মারধর করেছেন। এর আগেও রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে আটকে রেখে একটি কক্ষে মারধর ও জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে।”

তিনি বলেন, “রেললাইন ও স্টেশনকে কেন্দ্র করে রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিইদের মাধ্যমে শিক্ষার্থীরা বারবার হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং পুনরাবৃত্তি ঠেকাতেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।”

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের মহাপরিচালক আহম্মদ হোসেন মাসুম বলেন, “এই ধরনের কোনো ভায়োলেন্স কাম্য নয়। আমরা ঘটনার সিসিটিভি ভিডিও সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাচ্ছি। এর সঙ্গে জড়িতদের অবশ্যই অব্যাহতি দেওয়া হবে।”



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।