
Published :
20 Sep 2026, 08:44 PM
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে রাজধানীর ফুলবাড়িয়া ও যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’।
‘সড়কে শৃঙ্খলা ও সুস্বাস্থ্য’ উদ্যোগের অংশ হিসেবে রোববারের এ কর্মসূচিতে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়েছে, দুই স্থানে দিনব্যাপী সেবা নেওয়ার জন্য মোট ১০৫ জনের বেশি চালক ও শ্রমিক নিবন্ধন করেন। তাদের মধ্যে ১২০ জনের বেশি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।
নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সড়ক ব্যবস্থার জন্য পরিবহনকর্মীদের সুস্বাস্থ্য ‘গুরুত্বপূর্ণ অংশ’ বিবেচনায় এ উদ্যোগ বাস্তবায়নের কথা বলেছে প্রতিষ্ঠানটি।
ফুলবাড়িয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আহসানুল কামরান তানভীর ও ট্রাফিক ফুলবাড়িয়া জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান। যাত্রাবাড়ীর কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার আবু তাহার ও সহকারী কমিশনার আব্দুল হান্নান খান।
নিরাময়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা শাকিল জোয়াদ রহিম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মহাব্যবস্থাপক হাসান হায়দার শুভ, ডা. সাদীদ হোসাইন, ডা. রুফাইদাহ তাসনিম, সিনিয়র এক্সিকিউটিভ তামিম ও স্বাগতম উপস্থিত ছিলেন।