
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইন ও পল্লী বিদ্যুতের চুরি হওয়া তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়েছে দুজনকে।
শুক্রবার দিনভর অভিযান চালিয়ে কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান।
আটকরা হলেন, ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদ (২০)।
শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে পুলিশকে অভিযোগ দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ।
অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরনের তার চুরির আলামত পাওয়া যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে- মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়।
এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে। এসব তারের মূল্য সোয়া দুই লাখ টাকার বেশি।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়।
এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান।
