
যশোরের পাইকারি মোকাম থেকে এক কেজি সবজি ঢাকার কারওয়ান বাজারে নিতে পরিবহন খরচ পড়ে ২ টাকা ৩৫ পয়সা। তার সঙ্গে শ্রমিক, মোড়কজাত বাবদ খরচ যোগ হয় কেজিতে আরও এক থেকে দুই টাকা। অর্থাৎ এক কেজি সবজি যশোর থেকে কারওয়ান বাজারে আসতে খরচ পড়ে প্রায় সাড়ে চার টাকা।
যশোরের বারীনগর মোকামে গত রোববার কৃষক প্রতি কেজি পটোল বিক্রি করেন ৪৫ থেকে ৪৭ টাকায়। সেই পটোল রাজধানীর যাত্রাবাড়ী আড়তে আসার পর বিক্রি হয় ৬০ টাকায়। পরে তা আরও কয়েক দফায় হাতবদল হয়ে দাম বাড়তে থাকে। গত রোববার সকালে কৃষকের খেত থেকে ছোট ছোট যানবাহনে করে পটোল, মুলা, পেঁপে, কাঁচা মরিচ, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজি বারীনগর মোকামে আনা হয় বিক্রির জন্য। সেসব সবজি ব্যাপারীরা কিনে ট্রাকে তুলে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আড়তে পাঠান।
সবজির ওই ট্রাকে ছিল বিভিন্ন ধরনের ৮ টন সবজি। যশোর থেকে ঢাকা পর্যন্ত পথে মধুমতি সেতু, বঙ্গবন্ধু এক্সপ্রেস হাইওয়ে, পদ্মা সেতু ও মুন্সিগঞ্জ টোল প্লাজায় সরকারি টোল বাবদ মোট ২ হাজার ২৪০ টাকা পরিশোধ করতে হয় চালককে। পথে কোথাও কোনো চাঁদাবাজি হয়নি। তবে বারীনগর পাইকারি হাটে বিএনপির কয়েকজন স্থানীয় নেতা ট্রাকভেদে ১০০ ও ২০০ টাকা চাঁদা নেন। যশোর থেকে কারওয়ান বাজার পর্যন্ত ট্রাকভাড়া ছিল ১৬ হাজার টাকা। সব মিলিয়ে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ পড়ে সাড়ে চার টাকা।