
নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয়েছে গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন পেয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন।
জানতে চাইলে আরিফুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই টিভি চ্যানেলের পরিচালনা পর্ষদে রয়েছেন বগুড়ার বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমানের ছেলে এ কে এম গোলাম হাসনাইন। তিনি সৌদি আরব প্রবাসী এবং সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সভাপতি।
গোলাম হাসনাইন গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ৩৬ মিডিয়া লিমিটেডের অন্যতম পরিচালক। সেখানে তাঁর বিনিয়োগ রয়েছে।
সরকারি সূত্রমতে ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এর মালিকানায় থাকা আরিফুর রহমানের প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১।
জানতে চাইলে আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, কাগজপত্র-সংক্রান্ত আরও কিছু কাজ বাকি। আশা করেছেন, আগামী বছর সম্প্রচারে যেতে পারবেন। কীভাবে বিনিয়োগের অর্থের সংস্থান হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, তাঁর সঙ্গে বিনিয়োগকারী রয়েছেন।