
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিছু সাংবাদিকদের বিরুদ্ধে একটি তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাছে কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। কতিপয় সাংবাদিক তৎকালীন সরকারের সময় বিভিন্ন অপকর্মকে সহায়তা করেছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মেজর (অব.) মো.সাব্বির রহমান ওসমানী ১৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। জবানবন্দিতে সাব্বির রহমান কী বলেছেন, তা গণমাধ্যমকে জানাতে চিফ প্রসিকিউটর এই ব্রিফিংয়ে আসেন।
জবানবন্দিতে সাংবাদিকদের প্রসঙ্গ টেনেছেন মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। এ প্রসঙ্গে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন (তদন্ত) চলছে এবং পরবর্তীকালে আজকের এই সাক্ষীর সাক্ষ্য হয়তো সহায়ক হিসেবে কাজ করতে পারে।’