• মঙ্গল. অক্টো. 6th, 2026

আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের

Bytrendnews

অক্টো. 6, 2026


পরিবেশ ও সামাজিক উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশি প্রকল্পগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম।

নিজেদের ওয়েবসাইটে গত ২ অক্টোবর প্রকাশিত সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশসহ সাত দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে এ প্রতিযোগিতায় মঙ্গলবার প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন্টারন্যাশনাল গ্র্যান্ট কম্পিটিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইনোভেশন’ শীর্ষক এ প্রতিযোগিতায় পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা নতুন ও চলমান প্রকল্প অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় যুব ও পরিবেশগত শিক্ষা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও এনজিওকে সহায়তা, পরিবেশ সুরক্ষা, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক, নগর কমিউনিটি, প্রাণী কল্যাণ, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপন, সামাজিক উদ্যোগে ডিজিটাল সমাধান, পাবলিক স্পেস উন্নয়ন এবং সংস্কৃতি ও ঐতিহ্য- এ ১০টি বিষয়ে প্রকল্প জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতাটি বাংলাদেশসহ হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক ও উজবেকিস্তানের বিভিন্ন সংস্থার জন্য উন্মুক্ত রয়েছে।

এ ছাড়া ‘আর্কটিক: ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ নামে নতুন একটি বিশেষ বিভাগে বিভিন্ন দেশের আবেদনকারীরা অংশ নিতে পারবেন। আর্কটিক অঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, বিজ্ঞান, লজিস্টিকস ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করা শিক্ষামূলক, বৈজ্ঞানিক, প্রচারমূলক ও যুব-নেতৃত্বাধীন প্রকল্পকে উৎসাহিত করা হবে বলে তথ্য দিয়েছে রসাটম।

এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যুব সংগঠন, জাদুঘর এবং পরিবেশবিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সংগঠনগুলো এ বিভাগে আবেদন করতে পারবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রকল্পের প্রাসঙ্গিকতা, সম্ভাব্যতা, অর্থনৈতিক কার্যকারিতা, পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদি প্রভাবের ভিত্তিতে আবেদনগুলো মূল্যায়ন করা হবে।

নির্বাচিত প্রকল্পগুলো বিশেষজ্ঞদের মাধ্যমে অনলাইনে পর্যালোচনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে আগামী বছরের জানুয়ারিতে। বিজয়ী প্রকল্পগুলো অনুদানের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময় বিশেষজ্ঞদের পরামর্শমূলক সহায়তা পাবে।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে atom-grant.org/en ওয়েবসাইটে।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।