
বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা।
মঙ্গলবার দুপুরে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক হয়েছে বলে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতের স্বার্থে বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন দলের আমির।
বৈঠকের পর ব্রিফিংয়ে পরওয়ার বলেন, “বিটিএমএর নেতারা তাদের খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা হয়েছে। শফিকুর রহমান টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ দিক বিশেষ করে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধসহ নানা বিষয়ে আলোকপাত করেছেন।
“এ ধরনের সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা এবং দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও সুদৃঢ় করা সম্ভব বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয় বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। আমরা একটি গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই।
“সরকারের যেসব উদ্যোগ জনস্বার্থে ও দেশের কল্যাণে হবে, সেসব কাজে আমরা সহযোগিতা করব। আর যেসব সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হবে, সেসব বিষয়ে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরব, সমালোচনা করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।”
ব্রিফিংয়ে বিটিএমএ এর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে এ খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ‘ব্যাকওয়ার্ড লিংকেজ’ হিসেবে টেক্সটাইল খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনিব বলেন, দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছেন। প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং কিছু সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে। অন্য সমস্যাগুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে বিটিএমএ এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার, পরিচালক মো. শাহিদ আলম, পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসেন মেহমুদ।