
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতেই তাকে প্রত্যাহার করা হয়েছে। এরইমধ্যে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রায় এক সপ্তাহ আগে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে ব্যবসায়ী নোমান মিয়ার দায়ের করা একটি মামলার তদন্ত করতে যান এএসআই ইলিয়াস হোসাইন।
সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।
এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ভিডিওতে এএসআই ইলিয়াসকে বলতে শোনা যায়, “কিছু রটে দেখিই তো কিছু বটে। আমি যদি বলি, পুলিশে চাকরি করি কিন্তু ঘুষ খাই না, তবে কি আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব হব?
“আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।”
ওসি সাইফুল ইসলাম বলছেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও অবগত করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
আর হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলছেন, “ঘটনাটি আমি জেনেছি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।”