• সোম. অক্টো. 5th, 2026

বিমানবন্দরে বসবে ‘অ্যান্টি ড্রোন সিস্টেম’: মন্ত্রী

Bytrendnews

অক্টো. 5, 2026


ঢাকার শাহজালাল বিমানবন্দরে অনুমোদনহীন ড্রোন ওড়ানো ঠেকাতে ‘অ্যান্টি ড্রোন সিস্টেম’ বসানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, “আমরা দেখেছি অগ্নিদুর্ঘটনার সময় অনুমোদনহীন ড্রোন ওড়ার ঘটনা ঘটেছিল। বিমানবন্দর রাষ্ট্রের কেপিআইভুক্ত এলাকা।

“তাই বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোনের উড্ডয়ন বন্ধে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট স্ক্যানার, যন্ত্রপাতি প্রয়োজনের তুলনায় বেশি থাকতে হবে।”

দেশের বিমান পরিবহন খাতের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ‘আপস’ না করার কথাও বলেছেন রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, “আমাদের লক্ষ্য হতে হবে জিরো কম্প্রোমাইজ অন এভিয়েশন সেইফটি।”

সোমবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলার মহড়া ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মহড়ার গুরুত্ব তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, “মহড়া যে দেওয়া দরকার সেটা লাগুক, কিন্তু প্র্যাকটিক্যালি যাতে না লাগে, শুরুতেই আমি আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করছি।”

অন্তর্বর্তী সরকারের আমলের বিমানবন্দর অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আপনারা জানেন, অন্তর্বর্তীকালের সরকারের সময়ে গত বছরের অক্টোবরে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বিরাট ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

“এতে বিপুল ক্ষয়ক্ষতিসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল। তাই নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা ক্ষমতা গ্রহণের পর দেশের বিমানঘাটে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ‘ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটি’ গঠন করেছি।

“শিগগিরই আইকাও অডিট অনুষ্ঠিত হবে। তাদের পর্যবেক্ষণের সাথে দেশের ভাবমূর্তি জড়িত। তাই যেসব বিষয়ে আইকাও এর পক্ষ থেকে পর্যবেক্ষণ থাকতে পারে, সেগুলি কমপ্লায়েন্স নিশ্চিত করার ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।”

বিমানবন্দরে ভিআইপি প্রটোকল প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে মিল্লাত বলেন, “ভিআইপি এবং সিআইপি সকলের জন্য নিরাপত্তা প্রটোকল সমান।

“তাই বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সকলকে সমানভাবে প্রটোকল অনুসরণ করতে হবে।”

দুর্ঘটনা মোকাবিলায় সাড়াদানের সময় কমানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, “বিমানবন্দরে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম আরও কমিয়ে আনতে হবে।”

সম্প্রতি বিমানবন্দরে যাত্রীদের নানা হয়রানি এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছড়ানো বিভিন্ন ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মিল্লাত বলেন, অপপ্রচার ঠেকাতে এবং যাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিও প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে মহিলা গতকালকে ভয়েস দিয়ে কথা বললেন, তার বিন্দুমাত্র এখানে সত্যতা নাই। আমি সঙ্গে সঙ্গে যাচাই করেছি আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরের সঙ্গে।

“এখানে কোনো ধরনের এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আপনারা এগুলি বাইরে থেকে ভয়েস দিয়ে, অথচ বেল্টে ভালোভাবে আপনার লাগেজগুলি আসছে। তো এই অপপ্রচার, এটাকে বিশ্লেষণ করতে হবে।”

এ সময় বিমানবন্দরে কর্মকর্তাদের ভালো কাজ করলে পুরস্কার ও দায়িত্বে অবহেলা করলে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ উপস্থিত ছিলেন।



Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।